নড়াইলে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
ইকবাল হাসান, নড়াইল-নড়াইলে লাশবাহী এম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। বুধবার( ৩জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৫২) এবং এম্বুলেন্সের ড্রাইভার লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে আকবর হোসেন(২৮)।
জানা যায়, বুধবার ভোরে যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেন (৬৫) বাধ্যক্যজনিত কারনে ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই মৃত ব্যক্তির লাশ নিয়ে তার সন্তান আবু তাহের পরিবারের ৮জনকে নিয়ে যশোর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে নড়াইল -ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ওই এম্বুলেন্সর মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় এম্বুলেন্স ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে ঘটনাস্থলে মৃত ব্যক্তির স্ত্রী জাহানারা বেগম এবং এম্বুলেন্স এর ড্রাইভার আকবর হোসেন মৃত্যুবরণ করে এবং আবু তাহের সহ ৫জন আহত হয়।
এসময় স্থানীয় লোকজন ২টি লাশসহ আহত ৫জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। পুলিশ ঘাতক বাস ও এম্বুলেন্সটি উদ্ধার করেছে।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। #




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































